গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর উপস্থাপনায়…

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, বেসামরিক মানুষের মৃত্যু এবং ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ও তুরস্ক। দুই দেশের শীর্ষ কূটনীতিকরা এসব কর্মকাণ্ডকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে বর্ণনা করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। সোমবার (২৮ জুলাই) জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২৭ জুলাই) এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় দুই পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলি আগ্রাসন, ব্যাপক দুর্ভিক্ষ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনবিরোধী বলে উল্লেখ করেন। দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান এবং গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দেন।

একইসঙ্গে তারা একটি ন্যায়সঙ্গত, স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে দুই পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ছায়ায় অনুষ্ঠিতব্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করেন।

পর্যবেক্ষকদের মতে, গাজায় চলমান ভয়াবহ পরিস্থিতির মুখে মুসলিম বিশ্বের আরও জোরালো, সুসংহত ও কূটনৈতিকভাবে প্রভাবশালী অবস্থান নেওয়া এখন সময়ের দাবি।