চেয়ার থেকে বিএমডিএর নির্বাহী পরিচালককে টেনে নামানো হলো

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে তার চেয়ার থেকে জোরপূর্বক টেনে নামানো হয়েছে।

রোববার দুপুরে বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে বিএনপিপন্থি একদল কর্মকর্তা কর্মচারী নির্বাহী পরিচালকের কক্ষে প্রবেশ করেন। তারা ইডি শফিকুল ইসলামকে জোর করে চেয়ার থেকে তোলেন এবং সেখানে বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে সেই চেয়ারে বসিয়ে দেন। পরে কর্মচারীরা তাকে জোরপূর্বক দায়িত্ব হস্তান্তর পত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন।

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালকের (ইডি) পদটি একজন অতিরিক্ত সচিবের জন্য সংরক্ষিত। জনপ্রশাসন মন্ত্রণালয় একজন অতিরিক্ত সচিবকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে থাকেন। গত জুলাইতে প্রেষণে নিয়োগ পেয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম।

তবে ২৩ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক পদে বদলি করা হয়। বিএমডিএতে এখনো নতুন ইডি নিয়োগ না হওয়ায় শফিকুল ইসলাম তার দায়িত্ব পালন করছিলেন।

এ নিয়ে বিএমডিএর প্রধান কার্যালয়ের কর্মচারীরা অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে টেনেহিঁচড়ে অফিসের নিচে এনে জোরপূর্বক গাড়িতে তুলে দেন। এ সময় কিছু ব্যক্তিগত কাগজপত্র নিতে চাইলেও তাকে নিতে দেওয়া হয়নি। তাকে দপ্তরের কারো সঙ্গে কথাও বলতে দেওয়া হয়নি।

এ ঘটনার পর অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম জনপ্রশাসন ও কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বলেছেন, তাকে বলপ্রয়োগের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে এবং জবরদস্তিমূলকভাবে দপ্তর থেকে বের করে দেওয়া হয়েছে।