ডিআইজি’র প্রেস ব্রিফিং: পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেফতার ৬৭
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে দাপিয়ে বেড়ানো সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ, র্যাব ও এপিবিএন।
রোববার বিকেলে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এসময় তিনি জানান, ৬৭ জনের মধ্যে ৫৮ জন গ্রেফতার হয়েছে রাজশাহী রেঞ্জের রাজশাহী, পাবনা ও নাটোর জেলার চরাঞ্চলে। অন্য নয়জন গ্রেফতার হয়েছে খুলনা রেঞ্জের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে। এরা কাকন বাহিনীসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। রোববার ভোরে তাদের দমনে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান শুরু হয়। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ফার্স্ট লাইট’। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের ১ হাজার ২০০ সদস্য অংশ নেন। এছাড়া র্যাব ও এপিবিএনের সদস্যরাও অভিযানে অংশ নেন। অভিযানে ১১টি সন্ত্রাসী বাহিনীর ৬৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ অভিযানকালে ১০টি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, দুটি গুলির খোসা, ২৪টি হাসুয়া, ছয়টি ডেগার, দুটি ছোরা, চারটি চাকু, তিনটি রামদা, দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এছাড়াও কুষ্টিয়ার দৌলতপুরের চর থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, একটি স্পিড বোড, দুটি তাবু ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গোলাগুলিতে ৩ জন নিহত হন।
