ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজারদের বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি, রাজশাহী থেকে ঢাকাগামী বাস বন্ধ
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি’র প্রতিবেদনে…
রাজশাহী থেকে ঢাকা গামী কোচ বাসের ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজারদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীস্থ ঢাকা কাউন্টারে অবস্থান কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। তবে শুধু মাত্র একতা পরিবহন এবং লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীস্থ ঢাকা বাস টার্মিনালে কোচগুলোর ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজারা এ কর্মবিরতি পালন করছে। এর ফলে ঢাকা গামী বাস যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে কিছু লোকাল বাস বিকল্প ব্যবস্থায় চলাচল করছে।
শ্রমিকরা জানান, রাজশাহী-ঢাকা বাসের স্টাফদের বেতন খুব কম। ন্যাশনাল ট্রাভেলস রাজশাহী-ঢাকা যাওয়া আসায় চালকদের প্রতি ট্রিপে বেতন দেয় ১১০০ টাকা। সুপারভাইজারদের দেয় ৫০০ টাকা ও চালকের সহকারিকে দেওয়া হয় ৪০০ টাকা। এছাড়াও দেশ ট্রাভেলসে চালকদের দেওয়া হয় ১২০০ টাকা বেতন। তারা বেতন দুই হাজার টাকা করার দাবি জানিয়েছে। ১০ বছর থেকে আমাদের ১১০০ টাকা করে বেতন দেওয়া হচ্ছে। মালিককে বলেও বেতন বাড়ানো হচ্ছে না। এর আগেও আমরা ২৩ আগস্ট শুধু ন্যাশনাল ট্রাভেলস বন্ধ রেখেছিলাম। সে সময় কর্তৃপক্ষ দুইদিনের মধ্যে আমাদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলে আবারও বাস চালু করা হয়। কিন্তু দুই সপ্তাহ পার হয়ে গেলেও আগের বেতন দেওয়া হচ্ছে। তাই অন্য সব বাসের শ্রমিকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা শুধুমাত্র একতা পরিবহন বাদে সব বাস বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান শ্রমিকরা।
