ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
সারা দেশে চলমান ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তাঁরা। পরে বেলা সাড়ে ১২টার দিকে কর্মসূচি শেষ করেন। এ সময় শিক্ষার্থীরা অন্তবর্তকালীন সরকারের কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। এরপর ধর্ষণ বিরোধী শ্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক। এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’ শ্লোগান দেন।
কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘সারা দেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার করতে না পারলে শেখ হাসিনার অবস্থা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার ১ দফা নিয়ে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসন ও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না এত দিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।’
আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে আবার মহাসড়ক অবরোধের কর্মসূচি দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।
