ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
ধর্ষকদের দ্রুত সময়ে ও কঠোর শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে প্রায় ঘন্টা ব্যাপী ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তাঁরা। পরে দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ করেন। এ সময় শিক্ষার্থীরা অন্তবর্তকালীন সরকারের কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হল থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। এরপর ধর্ষণ বিরোধী শ্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’ শ্লোগান দেন।
আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কালো পতাকা মুখে বেঁধে মহাসড়ক অবরোধের কর্মসূচি দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।
