পদ্মার পানি রাজশাহীতে বিপৎসীমা ছুঁইছুঁই, বিপৎসীমা ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
পদ্মার পানি রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি এসেছে । এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ও ঝুঁকি এড়াতে নগরীর টি-বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ০৫ মিটার।
বর্তমানে মাত্র ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। প্রতিদিন গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। রাজশাহীতে গত ২৪ জুলাই রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৫ মিটার। তারপর আবার তা কমতে থাকে। গত ৩১ জুলাই থেকে আবারও পানি বাড়তে থাকে। গতকাল ১১ আগস্ট সকালে ছিলো ১৭.৩২ মিটার এবং সন্ধ্যায় পৌঁছায় ১৭.৩৯ মিটারে। আজ মঙ্গলবার বিকাল ৬ টায় ১৭ দশমিক ৪৬ মিটার দিয়ে প্রবাহিত হয়।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে ১৮ দশমিক ৭০ সেন্টিমিটারে ওঠে। এরপর আর কখনো পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে এবার বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
