পর্দানশীন নারীদের ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্রের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পর্দানশীন নারীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মহিলা আনজুমান রাজশাহী জেলা ও মহানগর মজলিস।

আজ বুধবার দুপুরে মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে পর্দানশীন নারীদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহীর আঞ্চলিক নির্বাচনের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন।

মানববন্ধনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এই কর্মসূচী পালন করেন শতাধিক পর্দানশীন নারী। মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা আনজুমান রাজশাহী জেলা ও মহানগর মজলিসের আহবায়ক খাদিজা বেগম, সদস্য সচিব লায়লা খাতুন, যুগ্ম আহবায়ক ইতি খাতুনসহ মহিলা নের্তৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও ধর্মীয় বিধিবিধান মেনে চলতে পর্দা করা ও ছবি তুলতে অসম্মতির কারণে পর্দানশীল নারীরা গত ১৬ বছর ধরে জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না। ফলে ব্যাংক লেনদেন, নমিনি, পেনশন, সরকারী ত্রান সহায়তা ও জমি-ক্রয়-বিক্রয় সহ সব ধরণের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই পর্দানশীল নারীরা যারা ছবি তুলতে রাজি নন তাদের আঙ্গুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদান করে রাষ্ট্রীয় নিবন্ধনভুক্ত করার দাবি জানান।

মানববন্ধন ও সমাবেশ শেষে অধিকার প্রতিষ্ঠার ৩ দফা দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।