বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আরএমপি’র নতুন পুলিশ কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইন মাঠে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নতুন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক অংশগ্রহণ করেন। এসময় রাজশাহীতে কর্মরত সংবাদিকরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
নতুন পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ঢেলে সাজাতে চাই। সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ বাহিনী চাই। যাতে মানুষের দোরগোড়ায় পুলিশিং ব্যবস্থা পৌঁছে দিতে পারি। যাতে রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। সীমান্ত এলাকা হওয়ায় রাজশাহীতে মাদকের প্রবণতা বেশী। এই ইস্যুতে আরএমপির জিরো টলারেন্স। আমরা পুলিশ সদস্যদের নিয়ে বৈঠক করে তাদের সর্তক করেছি। পুলিশের পোষাক পরে মাদক ব্যবসা ও মাদক সেবন কোনভাবেই মেনে নেয়া হবে না। যাদের বিরুদ্ধে এই অভিযোগ আসবে তাদের পুলিশের কোথাও জায়গা হবে না। আরএমপিকে জনগণের পুলিশ হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন নতুন কমিশনার।
আর সাংবাদিকরা জাতির কর্ণধার। আপনাদের সহযোগিতাই একটি সুন্দর ও নিরাপদ সমাজ তৈরিতে ভূমিকা রাখবে। আপনারা বস্তুনিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মতবিনিময় সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রশাসন সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম, উপ পুলিশ কমিশনার সদর রশিদুল হাসান, উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন উপস্থিত ছিলেন।