বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
“বসতভিটা, জল, জমি, মানুষ ও জীবন রক্ষা এবং প্রাণ প্রকৃতি সম্পদ লুণ্ঠন প্রতিরোধের ১৫ বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী মহানগরীতে ফুলবাড়ী দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রাজশাহী জেলা শাখার আয়োজনে এ ফুলবাড়ী দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে আন্দোলনরত শহীদ তিনজনের স্মরণে জিরোপয়েন্টে স্থাপিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং শ্রদ্ধা জানানো শেষে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব আলফাজ হোসেন যুবরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সভাপতি আমিনুল ইসলাম কনক। এসময় সিপিবি রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড রাগীব আহসান মুন্না, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার সমন্বায়ক এ্যাডভোকেট মুরাদ মোরশেদ ও রাকসু আন্দোলন মঞ্চের সমন্বায়ক ছাত্রনেতা আব্দুল মজিদ অন্তরসহ তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির স্থানীয় নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, তৎকালীণ চারদলীয় জোট সরকার দিনাজপুরের ফুলবাড়ীর খনিজ সম্পদসহ অনেক কিছু বিদেশীদের হাতে অবৈধভাবে হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছিলেন। এর প্রতিবাদে ২০০৬ সালের ২৬ আগস্ট সেখানকার স্থানীয়রা আন্দোলন শুরু করলে পুলিশের গুলীতে ৩ জন শহীদ হন।