বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
দেশব্যাপী মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে রাজশাহী মহানগরীতে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ইদগাহ ময়দানে। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূলে না থাকলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে। স্থান পর্যাপ্ত না থাকায় এখানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
এদিকে মহানগরীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় নগরীর সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন রাস্তায়। নগরীর টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
তবে করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আযহার জামাতও বেশির ভাগ এলাকার ঈদগাহে হবে না। এক্ষেত্রে ঈদের নামাজ আদায় করতে হবে নিজ নিজ এলাকার মসজিদেই। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সকল ঈদগাহে জীবাণুনাশক স্পে-স্যানিটাইজার রাখার ব্যবস্থা করতে হবে। কাতারে দাঁড়ানোর সময় দূরত্ব বজায় রাখতে হবে। কোলাকুলি ও হাত মেলানো পরিহার করতে হবে। জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী দ্রব্যাদি বহন নিষিদ্ধ করা হয়েছে।