বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতেও করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশের মত ঢিলেঢালা ভাবে অতিবাহিত হচ্ছে কঠোর লকডাউনের ১৩তম দিন।
আজ বুধবার সকাল থেকে লকডাউনের ফলে মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে বেশ কিছু মার্কেট ঘুরে দেখা গেছে দোকান মালিকরা দোকান বন্ধ রেখে দোকানের সামনে অবস্থান করছেন এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য-সামগ্রী সরবরাহ করছেন।
এছাড়া লকডাউন ৫ তারিখ থেকে বর্ধিত করে ১০ তারিখ মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। কিন্তু লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও সেইসাথে মহানগরীতে মানুষের চলাচলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। নানান অজুহাত দেখিয়ে এইসব লোক মহানগরীতে চলাচল করছে। এছাড়া মহানগরীতে প্রচুর সংখ্যক রিক্সা-অটোরিক্সা ও মটরসাইকেলসহ বেশকিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করছে।
এদিকে, মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছে। এছাড়াও মহানগরীতে র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
গতকাল মঙ্গলবার লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় ৩৮ জনকে ৩৮টি মামলা দিয়ে ২৯ হাজার ২০০ টাকা জরিমানাসহ ১ জনকে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা এবং সড়ক পরিবহন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ লঙ্ঘন করায় এ জেল জরিমানা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০৪ টি মাক্স বিতরণ করা হয়।