বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
বাঙালি জাতির এক মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী রাজশাহী মহানগরীতে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, বাঙালি জাতির ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব দেশ গঠনের ক্ষেত্রে এক উজ্জল দৃষ্টান্ত। একজন সহধর্মিনী হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি ধাপে অন্তরাল থেকে বঙ্গবন্ধুর শক্তি, অনুপ্রেরণা, ধৈর্যসহ বিভিন্নভাবে পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করার পাশাপাশি সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন। যা বলা যায় বাঙালি, বাংলাদেশও বঙ্গমাতা একই সূত্রে গাঁথা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী জেলা ও মহানগরীতে মোট ৭৩ টি সেলাই মেশিন প্রদান করা হয়। এদের মধ্যে মহানগরীতে ১০ টি, উপজেলা পর্যায়ে ৬৩ টি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও ৩০ জন মহিলাকে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা নগদ একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়েছে।