বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলা করে পেটানোর ঘটনায় জড়িত যুবক বেলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বেলা ১১টায় এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার সময় নাটোর মাদ্রাসা মোড় থেকে পালানোর সময় বেলাল হোসেনকে রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা গ্রেফতার করে। গ্রেফতাকৃত বেলালের বাড়ি মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তার বাবার নাম শামসুল হক। হামলার ঘটনার পর রাতেই প্রত্যক্ষদর্শী দুজনকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মামলার সাক্ষী করা হয়েছে। তারা পুলিশকে সহায়তা করছেন। গ্রেফতারকৃত বেলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে সার্জেন্ট বিপুল কিশোর ভট্টাচার্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে মহানগরীর বিলশিমলা সিটি বাইপাস ঘোরা চত্বরে সার্জেন্ট বিপুলের ওপর হামলার ঘটনা ঘটে। তার দুহাতে জখম হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। হেলমেট না পরা এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকার কারণে মামলা দিতে শুরু করলে আচমকা কাঠের চেলি নিয়ে এসে তার ওপর হামলা করে বেলাল হোসেন।