বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
১০ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ব্যবসায়ী আব্দুল বারীর সিরোইলের বাড়িতে হানা।
ব্যবসায়ী বারী পরদিন আরএমপির বোয়ালিয়া মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেন। কিন্তু তাতে একটুও দমে যায়নি চাঁদাবাজ সিন্ডিকেট।
গত সোমবার রাতে সন্ত্রাসীরা আবার ফোন করে ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা পরিশোধের জন্য তাগাদা দেন এবং দ্রুত সময়ে এই চাঁদা পরিশোধ না করলে নির্ঘাত লাশ হতে হবে বলেও হুমকি দেন। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুল বারী জীবনের নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার আবারও বোয়ালিয়া থানায় আরেকটি জিডি করেন।
এ প্রসঙ্গে আব্দুল বারী বলেন, গত ১৩ এপ্রিল রাতে রাজশাহীর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে তার বাড়িতে চড়াও হয়। এছাড়া সপুরা এলাকায় তার কেনা একটি জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলছে। আদালতে উভয় পক্ষের মামলা মোকদ্দমা আছে। সম্প্রতি তার প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। তিনি পুলিশের সহায়তায় তা পুন:নির্মাণ করেন।এরপর থেকেই আওয়ামী লীগ নেতা জাফর আহম্মেদ ও তার ভাই আব্দুর রাজ্জাক রাজনসহ সন্ত্রাসীরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ব্যবসায়ীকে হুমকির বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছেন। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।