বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
চতুর্থ ধাপে রাজশাহীর ৪টি পৌরসভায় রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর তিনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও অন্যটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।
নির্বাচিত মেয়ররা হলেন, গোদাগাড়ীতে মনিরুল ইসলাম বাবু, তানোরে ইমরুল হক, তাহেরপুরে অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও নওহাটায় হাফিজুর রহমান হাফিজ।
গোদাগাড়ী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম বাবু বিজয়ী হয়। তার প্রাপ্ত ভোট ৮ হাজার ৮১৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত গোলাম কিবরিয়া রুলু ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৭৯২টি।
তাহেরপুর পৌরসভায় নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৩৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সামসুর রহমান মিন্টু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০৩টি ভোট। যদিও দুপুর আড়াইটার দিকে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন সামসুর রহমান মিন্টু।
তানোর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত ইমরুল হক নৌকা প্রতীকে ১২ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মিজানুর রহমান মিজান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২১৭ ভোট।
এদিকে, নওহাটা পৌরসভায় সর্বোচ্চ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান হাফিজ নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৪ হাজার ৪৫১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারী খান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭৮৬ ভোট। আর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শেখ মো. মকবুল হোসেন পেয়েছেন ৭ হাজার ২৭৯ ভোট।