বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে সপ্তাহের ব্যবধানে আবারও তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে মহানগরীর গণকপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান, দুপুর ১২টা ২৩ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা। সাথে সাথে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের কোন ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ওই গোডাউনে তুলা ছাড়াও প্রচুর পরিমানে নারিকেলের ছোবড়া ছিল। তবে কিভাবে আগুনের সূত্রপাত বা কি পরিমান ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করার পর সেটি নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে গুদাম মালিক আজিম উদ্দিন মনু বলেন, গুদামে বিদ্যুৎ নেই। তাই শর্টসার্কিটে আগুন লাগেনি। গুদামের বাইরে থেকে তালাও দেয়া ছিল। কীভাবে আগুন লেগেছে তা তিনি বুঝতে পারছেন না। গুদামে প্রায় আড়াই লাখ টাকার তুলা, নারিকেলের ছোবড়া ও তোষক ছিল বলে জানান তিনি।
এরআগে, গত ২৪ মার্চ মহানগরীর এই এলাকার আরোকটি তুলার গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী সদর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।