বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর আলিফ লাম মীম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত নবনির্মিত ফোরলেন সড়কে ১ম পর্যায়ে আলিফ লাম মীম ভাটার মোড় থেকে নাদের হাজির মোড় পর্যন্ত সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতির আলোকায়নের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলিফ লাম মীম ভাটার মোড়ে ফলক উন্মোচন ও সুইচ চেপে আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, সিটি কর্পোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইটসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, উন্নত দেশগুলোর মতো রাজশাহীতে প্রশস্ত সড়ক নির্মাণের পর বিদেশ থেকে আমদানি করা দৃষ্টিনন্দন পোল ও অত্যাধুনিক সড়কবাতি স্থাপন করা হয়েছে। সড়কে অধিক আলোর কারণে পথচারীদের নিরাপত্তা বাড়ছে, পাশাপাশি শহরের সৌন্দর্য্য বৃদ্ধি পাচ্ছে। আগামীতেও মহানগরীর অন্যান্য সড়কে এমন দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি লাগানো হবে। এভাবেই রাজশাহীকে সৌন্দর্য্যমন্ডিত ও উন্নত মহানগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
প্রথম পর্যায়ে আলিফ লাম মীম ভাটার মোড় থেকে প্রতিটি পোলে ২টি করে মোট ৮৭টি পোলে ১৭৪টি অত্যাধুনিক এলইডি বাল্ব লাগানো হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা। আগামীতে দ্বিতীয় পর্যায়ে নাদের হাজির মোড় হতে বিহাস পর্যন্ত ২৮৫টি দৃষ্টিনন্দন পোলে ৫৫৬টি আধুনিক সড়কবাতি বাসানো হবে।
উল্লেখ্য, এরআগে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে বিলসিমলা রেল ক্রসিং পর্যন্ত চার দশমিক দুই কিলোমিটার সড়কটিতে ১৭৪টি দৃষ্টিনন্দন পোলে বাসানো হয়েছে ৩৪৮টি আধুনিক এলইডি বাল্ব। এছাড়াও মালোপাড়া মোড় হতে রানীবাজার মোড় পর্যন্ত সড়কে মোট ৯৬টি ডেকোরেটিভ পোলে ৯৬টি দৃষ্টিনন্দন এলইডি সড়কবাতি লাগানো হয়েছে।