বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
আয় ও ব্যয় সমপরিমাণ ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২১-২০২২ অর্থ বছরের ১০৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত জরুরী বাজেট সংক্রান্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
২০২০-২০২১ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা এবং সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৫৬১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৩৭ টাকা ধরে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হয়।
সভায় রাসিক মেয়র বলেন, ২০১৮ সালের ৩০ জুলাই নির্বাচনে নির্বাচিত হয়ে ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে আমি ও আমার পরিষদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজশাহীকে আধুনিক, উন্নত, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও মডেল মহানগরী হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করি। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় ২৯৩১ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা ব্যয় সাপেক্ষে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেন। এছাড়া তিনি রাজশাহীর উন্নয়নে অব্যাহতভাবে সহযোগিতা করে যাচ্ছেন। এজন্য রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাজেট সভায়, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমানসহ রাসিকের কাউন্সিলরবৃন্দ, বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।