রাবিতে প্রেমের সুষম বণ্টনের দাবিতে বৈষম্যবিরোধী প্রেম যাত্রা
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’ এই শ্লোগানে ‘প্রেমের সুষম বণ্টনের দাবিতে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যবিরোধী প্রেম যাত্রা করেছে বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ নামের একটি সংগঠন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে “বৈষম্যবিরোধী প্রেম যাত্রা” শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন বন্ধ করো’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে’ এমন শ্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন প্রেম বঞ্চিত সংগঠনের সদস্যরা।
মিছিলের নেতৃত্বদেন প্রেম বঞ্চিত সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শাহ পরান, সাধারণ সম্পাদক অরন এবং তামাম দুনিয়ার বঞ্চিতদের হৃৎপিন্ড সালাউদ্দিন আম্মারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এক মিনিট নীরবতা পালন করে। পরে প্রেম যাত্রাটি প্যারিস রোড হয়ে পরিবহন মার্কেটের সামনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচি ও বৃক্ষ রোপণ করেন।
