বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
শিক্ষকদের বাধার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের শেষ সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল দশটায় তার বাসভবনে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আজকের সিন্ডিকেট সভাকে ঘিরে সকাল নয়টা থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় চাকরি প্রত্যাশী ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। এসময় ভিসির বাসভবনের সামনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষক ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে সিন্ডিকেট সভা বানচাল করার জন্য অবস্থান নেন বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যরা। তারা যে কোনো মূল্যে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হতে, না দেওয়ার ঘোষণা দেয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে শিক্ষকদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। চাকরি প্রত্যাশী কেউ কেউ শিক্ষকদের গুলি করে হত্যারও হুমকি দেয়।
উদ্ভুত পরিস্থিতিতে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম সিন্ডিকেট সভা স্থগিতের ঘোষণা দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু জানান, আজকের সিন্ডিকেট সভার মাধ্যমে উপাচার্য অন্যায়ভাবে ‘গণনিয়োগ’ দিতে চেয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিষেধাজ্ঞা সত্বেও উপাচার্য এই নিয়োগ দেয়ার চেষ্টা করেছিলেন।
উল্লেখ্য, আগামী ৬ মে বৃহস্পতিবার পর্যন্ত বর্তমান উপাচার্য আবদুস সোবহানের মেয়াদ শেষ হচ্ছে।