বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনে তালা লাগিয়ে প্রায় সাড়ে চার ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা।
আজ সকাল সাড়ে ১০টায় উপাচার্য ভবনে ফাইনান্স কমিটির একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য সভা শুরুর আগেই সকাল সাড়ে ৮টায় বাস ভবনের মূল ফটকে তালা লাগায় আন্দোলনকারী ২০ থেকে ২৫ জন নেতাকর্মীরা। এর ফলে বন্ধ হয় ফাইনান্স কমিটির সভা। প্রায় দুপুর ১টার দিকে তালা খুলে দেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন ‘অনিয়ম’ এর অভিযোগ এনে গত বছর ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছিল। এতে তার দূর্নীতির সাথে সংশ্লিষ্টতা স্পষ্ট। উপাচার্য এম আব্দুস সোবহান তার মেয়াদের শেষ সময়ে এসে আজকের সভায় আরও বড় ধরনের ‘অনিয়ম’ করবে বলে আমরা আশঙ্কা করছি। এজন্য আমরা মিটিং স্থগিতের দাবিতে অবস্থান নিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, আজ ফাইনান্স কমিটির মিটিং ছিল, কিন্তু আন্দোলনকারীদের অবস্থানের কারণে কমিটির কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। এজন্য মিটিং স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি চাকুরির দাবিতে উপাচার্য ভবনে তালা লাগিয়েছিল ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।