বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল ২০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
তারই অংশ হিসেবে আজ দুপুরে পিটিআই মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মহানগরীর ১, ২, ৪ ও ৮ নং ওয়ার্ডের ১২০০ ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনাকালীন এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে রাজশাহীতে কর্মহীন, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার পিতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মাতা জাহানারা জামান ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণ করা হচ্ছে। আগামী কয়েকদিন ধরে এটি নগরীর সকল ওয়ার্ডে বিতরণ করা হবে।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, রাসিকের প্যানেল মেয়র -২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী সহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।