বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে টানা ১১ দিন বন্ধ থাকার পর, আজ রবিবার স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দেশের দোকান ও শপিংমল। সরকারী নির্দেশনা অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।
এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা সংবাদ সম্মেলন করে প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। দোকান মালিক সমিতির দাবির প্রেক্ষিতেই দোকান ও শপিংমল খুলে দিল সরকার।
এদিকে এরই মধ্যে দোকান ও শপিংমল খুলতে সব ধরনের প্রস্তুুতি নিয়েছেন মালিকরা। তবে প্রথম দিনে স্বাস্থ্যবিধি নিয়ে কিছুটা সংশয় থাকলেও আগামীকাল সোমবার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমলে ক্রয়-বিক্রয় চলবে বলে আশা করছেন দোকান মালিকরা।
গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনার ধারাবাহিকতায় ব্যাপকসংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট্য বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।