সুদানে কিন্ডার গার্টেনে আরএসএফের হামলায়, ৪৬ শিশুসহ নিহত ১১৬

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… সুদানের একটি কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৬জন শিশু রয়েছে। খবর আলজাজিরার দেশটিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ সংঘাত, জাতিগত দ্বন্দ্ব এবং সামরিক শাসনের জেরে-গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাউথ করদোফান রাজ্যের কালোগিতে এ হামলার ঘটনা ঘটে। কালোগির নির্বাহী পরিচালক গতকাল শনিবার আল জাজিরাকে অন্তত ৭১ জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন। গত শুক্রবার সুদানের চিকিৎসকদের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় একের পর এক হামলার ধারাবাহিকতায় চালানো এবারের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সুদানের সরকার–সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেস (এসএএফ)-এর দুটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ওই কিন্ডারগার্টেনে আরএসএফ প্রথমবার হামলা চালায়। পরে উদ্ধারকাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের ওপর আরেক দফায় হামলা চালানো হয়। এছাড়া শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনে বোমা হামলা চালানো হয়েছে বলে জানায় একটি সূত্র। সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন উয়েত শুক্রবার বলেন, নিজের বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। বিবদমান সব পক্ষের প্রতি অবিলম্বে এমন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে সুদানে বিশৃঙ্খলা শুরু হয় যখন সামরিক বাহিনী এবং শক্তিশালী আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব রাজধানী খার্তুম এবং দেশের অন্যান্য স্থানে প্রকাশ্য লড়াইয়ের জন্ম দেয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহ-২০২৫-এর উদ্বোধন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে… “সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন।” এই প্রতিপাদ্যে রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: নাজমুল হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, এছাড়াও আরএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ট্রাফিক সপ্তাহ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, মনি চত্বর, লক্ষ্মীপুর মোড়, গৌরহাঙ্গা ও ভদ্রার মোড় এই পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বৃহৎ পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রোভার স্কাউট, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট ও ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সদস্যরা উপর্যুক্ত পয়েন্টগুলোতে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।