বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায়

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

বিএনপি চেয়ারপারসন  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।

আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। ঢাকায় নেমে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন যেখানে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে মঙ্গলবার রাতে চীনেরে আরও একটি নতুন বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও আগের চেয়ে ভালো আসছে। যদিও আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো উন্নতি এখনও হয়নি। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।

মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা ডাক দিলে কিছুটা সাড়া দেয়ার চেষ্টা করছেন। গতকাল রাতেও ঘণ্টা দেড়েক বৈঠক করেছে মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসক প্যাট্রিকও ছিলেন। বৈঠকের পর বোর্ডের এক সদস্য জানান, কিছু জটিলতা কেন বারবার দেখা দিচ্ছে, তার কারণ খোঁজা হচ্ছে। নতুন করে বেশ কয়েকটি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে চিকিৎসায় পরিবর্তন আনা হবে।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্ঠা ড. ‍মুহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান।

অপরদিকে, দলের চেয়ারপারসনের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। তার সুস্থতার জন্য যেখানে যা প্রয়োজন, তা সম্পন্ন করার তাগিদ দিয়েছেন দলটির নেতারা।