বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহীর বাঘায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারিতে এক ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কলিগ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। খুনের ঘঁনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
হত্যাকান্ডের ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঘা পৌরসভার কলিগ্রামের মৃত আবদুস সামাদের বড় ছেলে সাহাবুদ্দিন ও ছোট ছেলে সাজদার রহমানের মধ্যে ৫৩ শতক পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল। সে বিরোধের জেরে আজ সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এতে দুই ভাইসহ এক নারি আহত হয়। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর বড় ভাই সাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন জরুর বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফায়েত হোসেন।
এ ব্যাপারে চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে। তবে সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনাকে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার বিষয়ে নিহত সাহাবুদ্দিনের স্ত্রী সালমা বেগম বলেন, তাদের মারপিটে আমার স্বামীর মৃত্যু হয়েছে। তাই তিনি হত্যা মামলা করবেন বলে জানান।
বাঘা পৌরসভার স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম টগর বলেছেন, অনেকদিন থেকে বাড়ির জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে মারামারিতে বড় ভাই মারা গেছে বলে শুনেছি।
এ ঘটনায় বাঘা থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ময়না তদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে আটক করা হয়েছে বলে জানান তিনি।