বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর চারঘাটে মানছুর রহমান নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে দৌলতপুর গ্রামে নিহতের নিজ বাস ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত- হাবিবুর রহমানের ছেলে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম।
চেয়ারম্যান জানান, নিহত মানছুর রহমানের স্ত্রী তার একমাত্র ছেলের বাড়ী ঢাকায় গত কয়েক দিন পুর্বে বেড়াতে গিয়েছেন। এজন্য তিনি তার নিজ বাড়ীতে একাই ছিলেন। রোববার রাতে কাজের বুয়া মেইন গেট তালা দিয়ে বাড়ীতে চলে যান। রাত প্রায় সাড়ে আটটার দিকে বাড়ীর ভিতর থেকে গুংড়ানীর শব্দ শুনে প্রতিবেশীরা কাজের বুয়াকে ডেকে আনলে তালা খুলে দেখা যায় বাড়ীর ভিতর গলা কাটা অবস্থায় মানছুর পড়ে আছেন।
এসময় সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে বা কেন এ হত্যাকান্ডের ঘটনা ঘটলো তা এখনো নিশ্চিত জানা যায়নি। তিনি বলেন, নিহত মানছুর রহমানের এক ছেলে ঢাকায় একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে চাকুরী করছেন এবং এক মাত্র মেয়ে শম্পা খাতুনের স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন।
এ হত্যাকান্ডের বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে প্রাচীর টপকিয়ে দুবৃত্তরা বাড়ীতে প্রবেশ করে এই হত্যাকান্ড ঘটিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে বলে আশা করেন তিনি। তিনি আরও বলেন লাশটি ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এব্যাপারে নিহতের ছেলে মিজানুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।