রাজশাহীর ৮ বছরের শিশু জুবায়েরের বিরুদ্ধে শ্রম আইনের মামলা প্রত্যাহার
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর পবা উপজেলার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের আট বছরের শিশু জুবায়ের আহমেদ ও তার বাবা জোনাব আলী মন্ডলের বিরুদ্ধে শ্রম আদালতে করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।
বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের রাজশাহী কার্যালয়ের পরিদর্শক বাবুল আক্তার এ মামলা প্রত্যাহার করেন।
মঙ্গলবার আদালত আবেদনটি মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী এম আলম জামান রাসেল।
তিনি জানান, মামলার বাদী বাবুল আক্তার মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে লিখিত আবেদন জানালে শ্রম আদালত রাজশাহীর চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) গোলক চন্দ্র বিশ্বাস মঙ্গলবার তা মঞ্জুর করেন।
মামলা থেকে জানা যায়, পবা উপজেলায় পৌর মার্কেটে ‘জে বার্মিজ সুজ’ নামে জুতার দোকানে প্রোপ্রাইটরের পাশে জুবায়েরের বাবা শখ করেই নাম লিখেছিলেন ছেলের। গত বছরের ২০ সেপ্টেম্বর শুক্রবার দোকান বন্ধ না রাখার কারণ দেখিয়ে শ্রম আইন ২০০৬-এর ৩০৭ ধারা লঙ্ঘনের অপরাধে জুবায়ের এবং তার বাবার বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষ থেকে মামলা করা হয়। পাঁচ মাস পর পাওয়া সে মামলায় দেখা যায়, আসামি হয়েছে আট বছরের শিশু জুবায়ের।
মামলার পর প্রথমে এ বছরের ২৫ মার্চ, পরে ২০ সেপ্টেম্বর শুনানির তারিখ দেন শ্রম আদালত। তাতে শিশুটির আদালতে হাজিরা দিতে যাওয়া নিয়ে বিব্রত হন তার পরিবারের সদস্যরা।
পরে শিশু জুবায়েরের মামলার পরবর্তী শুনানি ৮ নভেম্বর নির্ধারণ করেন আদালত। কিন্তু ওই দিন ফুলকোর্ট রেফারেন্সের জন্য আদালত হয়নি। ৮ নভেম্বরের আগেই বাদী মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য আদালতে আবেদন করেন। পরে মঙ্গলবার আদালত আবেদন মঞ্জুর করেন।
