সীমান্তের প্রান্তিক জনগোষ্ঠী যতই উন্নতি করবে অপরাধ ও চোরাচালান ততই হ্রাস পাবে : রাজশাহীতে
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, সীমান্তের প্রান্তিক জনগোষ্ঠী শিক্ষা ব্যবস্থায় যতই উন্নতি করবে সীমান্তে অপরাধ ও চোরাচালান ততই হ্রাস পাবে। এই জাতীয় অনুষ্ঠান আগামীদিনগুলোতে সীমান্তবর্তী জনগন ও বিজিবিকে নবউদ্দীপনায় সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনের কল্যানমূলক কার্যক্রমের প্রেরণা যোগাবে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর পদ্মারপাড়ের ২৫ জন মাঝিদের মাঝে নৌকা বিতরণ করার সময় এসব কথা বলেন। রাজশাহী মহানগরীর শ্রীরামপুর টি-বাঁধে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিজিবি পদ্মাপাড়ের জেলেদের মাঝে ২৫টি নৌকা বিতরণ করেছেন। অনুষ্ঠানে নৌকার মাঝিদের মাঝে প্রতিকী বৈঠা বিতরণ করেন বিজিবি মহাপরিচালক ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিজিবি রিজিয়ন সদর রংপুর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার কায়সার হাসান মালিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল প্রমুখ। নৌকা পেয়ে প্রান্তিক হতদরিদ্র জেলেরা খুবই আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে হতদরিদ্র জেলেদের নৌকা বিতরণ বিজিবি’র একটি উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো। মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে বিভিন্ন রিজিয়নের তত্ত্বাবধানে পদ্মা, মেঘনা, যমুনা ও ইছামতি নদীর পাড়ের প্রান্তিক হতদরিদ্র জেলেদের মাঝে সর্বমোট ১০০ টি নৌকা, নৌকার পাল, গেঞ্জি ও লুঙ্গি বিতরণ করা হচ্ছে।