বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজশাহী মহানগরীতে আজ বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। এ লকডাউন চলবে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত।
রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্রবার বিকেল পাঁচটা থেকে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান, শপিং মল, বিপণী-বিতান, দোকান, রেস্তোরাঁ বন্ধ থাকবে। তবে ওষুধ, কাঁচাবাজার, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন ও সৎকারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এই লকডাউনের আওতামুক্ত থাকবে।
এই বিধিনিষেধ চলাকালে বাস, ট্রেনসহ সকল ধরনের যানবাহন রাজশাহী মহানগরীতে প্রবেশ করতে পারবে না এবং রাজশাহী মহানগরী থেকে বের হতে পারবে না। তবে আমসহ কৃষিপণ্য, খাদ্যসামগ্রী, রোগী পরিবহনকারী এ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী পরিবহন এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে।
এছাড়া যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি সব ধরনের পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। এসব বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর ১১ জুন বিকেল ৫ টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত মহানগরীতে সর্বাত্মক লকডাউন ঘোষনা করেন।