বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
ঈদ-উল আযহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন র্যাব-৫। র্যাব-৫ এর আওতাধীন ৫টি জেলার হাটগুলোতে কন্ট্রোল রুমসহ চিকিৎসা ব্যবস্থা করেছে বাহিনীটি।
আজ রোববার বেলা ১১টায় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট সিটি হাটে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র্যাব-৫ এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোথাও কোন ধরণের চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, পশুর হাটে টোল নিয়ে জোর জুলুম না করা হয় এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে বড় বড় হাটগুলোতে তারা কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেই সাথে কন্ট্রোল রুমের পাশেই স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। হাটে এসে হঠাৎ কোন ক্রেতা-বিক্রেতা গরমে অসুস্থ্য বোধ করলে সহজেই চিকিৎসা নিতে পারবে। জটিল পরিস্থিতি তৈরী হলে র্যাবের অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রয়েছে। কন্ট্রোল রুমে জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রাখা হয়েছে। এছাড়াও হাটগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়নো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আশা করছি হাটে আসা ক্রেতা বিক্রেতাসহ সকলেই নির্বিগ্নে ঈদের প্রস্তুততি নিতে পারবেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. অনন্দ কুমার অধিকারী জানান, বিভাগের আট জেলায় এবার কোরবানির পশু বেচাকেনার জন্য ৩০২টি হাট নির্ধারণ করা হয়েছে। এই হাটগুলোর মধ্যে ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী। পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভাগজুড়ে ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিমগুলো হাটে উপস্থিত থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা, গর্ভবতী গাভী শনাক্তকরণ এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।