বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খাদ্য অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে শোভাযাত্রা ও সম্মেলন করেছেন খাদ্য নিরাপত্তা নেটওয়াক (খানি) ও পরিবর্তন।
আজ সোমবার সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত আঞ্চলিক খাদ্য অধিকার সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এএনকে নোমান, কৃষি কর্মকর্তা তাসনিয়া হক, সিনিয়র সাংবাদিক আহম্মেদ সফিউদ্দীন, রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি সফিকুল আলম সমাপ্ত, সিনিয়র এনজিও কর্মী এভারেস্ট হেমব্রোম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন। পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য তুলে ধরে বক্তারা বলেন, দেশে খাদ্য নিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি রংপুর বিভাগে, যেখানে প্রায় ১৯.৯৮ শতাংশ পরিবার ঝুঁকিতে রয়েছে। রাজশাহী বিভাগেও ২৫ শতাংশের বেশি মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছেন। বরেন্দ্র এলাকায় পানির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে, ফলে খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে দ্রুত নগরায়ণ, শিল্পায়ন ও আবাসন প্রকল্পের কারণে প্রতি বছর প্রায় অর্ধ শতাংশ হারে আবাদি জমি কমছে রাজশাহীতে। এতে কৃষি থেকে আয় কমে গিয়ে কৃষকরা বিকল্প জীবিকার সন্ধানে শহরমুখী হচ্ছেন, যার ফলে মৌসুমি বেকারত্ব, দারিদ্র্য ও সামাজিক সংকট বাড়ছে।
সম্মেলনে বক্তারা আরও বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের খাদ্য অধিকার রক্ষায় পানি ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা জোরদার এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। তা না হলে খাদ্য ঘাটতি ও দারিদ্র্যের কারণে এ অঞ্চলের মানুষ আরও বড় সংকটে পড়বে।