বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশ এর আঞ্চলিক কমান্ডার সহ দুইজনকে আটক করেছে মহানগর পুলিশের বিশেষ টিম।
আজ বুধবার দুপুরে মহানগরীর পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মহানগরীর খড়খড়ি বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশ এর আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরও চারজন সদস্য পালিয়ে যায়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে নিষিদ্ধ সংগঠনের আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল ও নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ উপজেলার আবদুল হালিমের ছেলে সমন্বয়কারী আব্দুল আজিজ নোমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে , মুফতি ইব্রাহিম খলিল খুলনা ও রাজশাহী অঞ্চলের হরকাতুল জিহাদ-বাংলাদেশ এর আঞ্চলিক কমান্ডার এবং আব্দুল আজিজ নোমান নব্য সদস্য ও সমন্বয়কারী। তারা সবাই হরকাতুল জিহাদ-বাংলাদেশ এর নেতা মুফতি হান্নান এর অন্যমত সহযোগী আটককৃত নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকার বর্তমানে (গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক রয়েছে) মূলত তার নির্দেশনায় সংগঠনকে পূর্ণগঠনের কাজ করছিলো আটককৃতরা।
পলাতক আসামীদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।