বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর তালাইমারি মোড়ে অবস্থিত আরডিএ কমপ্লেক্স ভবনটিকে বাংলাদেশ ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় নাগরিক সমাজ রাজশাহী এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধন সভাপতিত্ব করেন বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা আন্দোলনের আহ্বায়ক, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।
এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হোসেন আলী পিয়ারা, নারী নেত্রী ঈশিতা ইয়াসমিন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনা, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী ওয়ালিউর রহমান বাবু, গণঅধিকার পরিষদ রাজশাহীর যুগ্ম সদস্য সচিব মো. রানা সহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য পরিকল্পিত এই ভবনটি হঠাৎ করে ১০ বছরের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে, যা ভবনটির মূল উদ্দেশ্য ও আদর্শের পরিপন্থী। আমরা বিদ্যালয়ের বিরুদ্ধে নই, তবে যে উদ্দেশ্যে ভবনটি নির্মাণ করা হয়েছে, সেটি থেকে সরে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে ধারণ করে একটি পূর্ণাঙ্গ ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে ভবনটি গড়ে তোলা জরুরি। এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা।