বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও তিনজন আহত হয়েছেন।
আজ সোমবার ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)। ঘটনাস্থলেই এ তিনজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে এক নারীসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। আর ঘটনাস্থলে আহত হয় আরো তিনজন। লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পর লাশ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।