বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলার ১৪টি ইউনিয়নের পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষনা করা হয়েছে। এর মধ্যে ৯টিতেই আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী লাভ করেছেন এবং বাকি ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বাকি একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী- ৬টির মধ্যে ৪টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন।
নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- তানোরের চান্দুরিয়া ইউনিয়নে মজিবুর রহমান, পাঁচন্দর ইউনিয়নে আব্দুল মতিন, বাঁধাইর ইউনিয়নে আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়নে ফজলে রাব্বি ফরহাদ চৌধুরী। এছাড়া কলমা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকে খাদেমুন নবী বাবু চৌধুরী এবং তালন্দ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে নাজিম উদ্দিন বাবু জয়লাভ করেছেন বলে জানা গেছে। এছাড়া তানোরের সরনজাই ইউনিয়নের নির্বাচন স্থাগিত রয়েছে।
গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বাকি একটি ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী ৮টির মধ্যে ৫টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যানরা হলেন- দেওপাড়া ইউনিয়নে বেলাল উদ্দিন সোহেল, গোগ্রাম ইউনিয়নে মজিবর রহমান, পাকড়ি ইউনিয়নে জালাল উদ্দীন মাস্টার, মোহনপুর ইউনিয়নে খায়রুল ইসলাম এবং গোদাগাড়ী ইউনিয়নে মসিদুল গনি। এছাড়া বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মাটিকাটা ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে সোহেল রানা, বাসদেবপুর ইউনিয়নে মাটরসাইকেল প্রতীক নিয়ে নজরুল ইসলাম এবং রিশিকুল ইউনিয়নে মোখলেছুর রহমান অটোরিকশা প্রতীক নিয়ে জয়লাভ করেন।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তানোর ও গোদাগাড়ী উপজেলার ১৫টি ইউনিয়নে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এর মধ্যে ৮টিতে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে ব্যালট ছিনতাইয়ের ঘটনার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়।