বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী নিউমার্কেট এলাকার থিম ওমর প্লাজায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিসের কর্মিরা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে প্লাজার সপ্তম তলা থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ফুডকোটের একটি রেস্তোরাঁর কিচেন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এদিকে আগুনের ধোয়ায় ভেতরে আটকা পড়া তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তিনজন হলেন- ভবনের নিরাপত্তা প্রহরী রনি (২৫), হাসিব (২২) এবং মহানগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাপ্পি (৪২)। তারা হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক দিদারুল ইসলাম জানান, ফুড প্যালেস নামের একটি রেস্তোরাঁর কিচেন থেকে আগুনের সূত্রপাত। আগুন অন্য ফ্লোরে না ছড়ালেও ধোয়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে। সদর স্টেশন ও বিশ্ববিদ্যালয় স্টেশনের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত মার্কেট, সপ্তম তলায় ফুডকোট। আর অষ্টম থেকে দশম তলা অ্যাপার্টমেন্ট। আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হতো। রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে আগুনের ঘটনাটি ঘটেছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।