বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় অনুষদের প্রদর্শনী প্লটে ধানকাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ধানকাটা শেষে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে নেচে-গেয়ে শোভাযাত্রা নিয়ে অনুষদের প্রধান ফটকের সামনে আসেন। সেখানে ফিতা কেটে পিঠা মেলার উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কৃষি অনুষদে এসে শেষ হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল পিঠা উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নবান্ন উৎসব উপলক্ষে ১৫টি স্টলে শিক্ষার্থীরা প্রদর্শন করছেন প্রায় দেড় শতাধিক ঐতিহ্যবাহী পিঠা- দুধপুলি, চন্দ্রপুলি, নারকেল পুলি, খোলা চিতই, তেল পিঠা, নকশী পিঠা, মালাই বিহার, সুজির বড়া, জামাই পিঠা, গোলাপ ফুল পিঠা, ডাবের পিঠা, লবঙ্গ পিঠা, শামুক পিঠা, রুপালি পিঠাসহ নানা বাহারি খাবার। সকাল থেকেই এসব পিঠার স্বাদ নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে পুরো কৃষি অনুষদে নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ে।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের সমৃদ্ধ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করাই তাদের এই আয়োজনের মূল লক্ষ্য।