বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর পদ্মাপাড়ের বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় মেয়র বলেন, পরিচ্ছন্ন কার্যক্রমে রাজশাহী সারাদেশের মধ্যে এগিয়ে। প্রতিদিনের রুটিন ওয়ার্কের সাথে ঈদুল আযহার দিনটিতে বাড়তি প্রস্তুতি নিতে হয় পরিচ্ছন্ন বিভাগকে। ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনে পরিচ্ছন্ন বিভাগকে সকল নির্দেশনা দেয়া হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণ, কোরবানি পশু জবেহকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে মসজিদে ইমামদের মাধ্যমে মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে কোরবানির স্থানসমূহে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। ঈদুল আযহায় কোরবানির পশুর রক্ত, মল মুত্র ও সকল বর্জ্য রাত ১১টার মধ্যেই অপসারণ করা হবে।
কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধনে অন্যান্যদের মধ্যে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।