বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে নেশার টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। হত্যাকারি ছেলের নাম মোমিনুল ইসলাম পিয়াস।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানাধীন অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল বাশার জুয়েল, তিনি একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
জানা যায়, পিতা জুয়েলের নিকট ছেলে মোমিনুল ইসলাম পিয়াস আজ সকালে টাকা চেয়েছিলো। কিন্তু পিতা ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে কেঁচি দিয়ে পিতার বুকে আঘাত করে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় জুয়েল, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এঘটনায় স্থানীরা ঘাতক পিয়াসকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে রাজপাড়া থানার এসআই মকবুল ও এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘাতক পিয়াসকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াস বখে যাওয়া একজন কিশোর ও নিয়মিত মাদক সেবী এবং সে উশৃঙ্খল জীবনযাপন করতো।
বিষয়টি নিশ্চিৎ করে রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।