বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে।
আজ রোববার দুপুর ১২টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নেন।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, একটি হাসপাতালের প্রাণ হলো ইন্টার্ন চিকিৎসক। তারা না থাকলে হাসপাতালে সমস্যা হবেই। আমাদের এই হাসপাতালে ২৭৭ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। এত বড় সংখ্যক চিকিৎসক না থাকলে ভোগান্তি হবেই। তবে পরিচালক মহোদয়ের নির্দেশে মিড ও সিনিয়র লেভেলের চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। জরুরি অস্ত্রোপচারও চলমান।