বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বাংলাদেশ রেলওয়েকে ডিজিটালাইজড করা তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘পয়েন্ট অব সেলস’ যন্ত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বিকেলে রাজশাহী রেল স্টেশন ভবনে বিনা টিকেটে রেলভ্রমণ প্রতিরোধে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পেমেন্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল’র জেনারেল ম্যানাজার অসিম কুমার তালুকদার পয়েন্ট অব সেলস মেশিন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেনারেল ম্যানাজার ৪৫ জন টিটিই ও টিসিকে পয়েন্ট অব সেলস যন্ত্র প্রদান করেন। তিনি এসময় বলেন, এ মেশিন ব্যবহারে একজন যাত্রীকে দ্রুততম সময়ের মধ্যে অনলাইন বা অফলাইনে নগদ/ক্যাশ প্রদানের মাধ্যমে টিকেট ইস্যু করা সম্ভব হবে। এছাড়া টিটিই বা ভ্রাম্যমাণ রেল টিকেট পরীক্ষক দ্রুততম সময়ের মাধ্যমে টিকেট হস্তান্তর হয়েছে কিনা অথবা বিনা টিকেটের যাত্রী কিনা তা যাচাইপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যাত্রী নগদ অর্থ বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকেটের ভাড়া পরিশোধ করবেন।
এছাড়া এই মেশিনে একটি অ্যাপ ইন্সটল করা আছে যা রেলওয়ের টিকেটিং সিস্টেমের প্রধান ডাটাবেসের সাথে সংযুক্ত থাকবে। ফলে মেশিনটির মাধ্যমে অনলাইন ও কাউন্টার থেকে প্রদানকৃত টিকেট যাচাইকরণ করা যাবে। একই সাথে যে কোন রুটের টিকেট খুব সহজে প্রদান করা যাবে।