বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
শহিদ জিয়া গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।
আজ শুক্রবার বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর শাহমখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, যে যেভাবেই বলুক না কেনো বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং শহিদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সঞ্চালনায় ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলা বিএনপির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। এসময় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।