বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ ইসলামী দলের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরের কুমারপাড়ায় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের প্রস্তুতি নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ও ৮ দলের সমাবেশ বাস্তবায়ন কমিটির আহব্বায়ক ইমাজ উদ্দিন মণ্ডল।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রোববার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা তাদের পাঁচদফা দাবি আদায়ের আন্দোলনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
সংবাদ সম্মেলনে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, সরকার শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি দিতে চাচ্ছে। আমরা নিম্নকক্ষে পিআর চাচ্ছি। বিভিন্ন স্তরের প্রশাসন একটি বিশেষ দলের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়ে কাজ করছে। এই অবস্থা চলতে থাকলে একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন কোনোভাবেই সম্ভব না।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগরের সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সাইফুল হকসহ বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।