বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা দিয়ে ভোটের মাঠে নামলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
আজ শনিবার বেলা ১১ টার দিকে মহানগরীর গণকপাড়া মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপনকে প্রার্থী ঘোষণা করা হয়।
এ সময় মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, আসন্ন পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাকে রাজশাহী সিটিতে মনোনয়ন দেয়া হয়েছে। আশা করছি নিরপেক্ষ নির্বাচন হলে আমরা ভালো ফলাফল করবো। বাংলাদেশের উন্নয়নের রুপকার ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ রাজশাহী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেছেন। তাই এই সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কিছু পরিকল্পনা রয়েছে। রাজশাহীর মানুষ এখনো জাতীয় পার্টির সঙ্গে আছেন।
তিনি আরও বলেন, রাজশাহী টেক্সটাইল করাখানা, চিনিকল, রেশম শিল্প, সেরিকালচার কারখানা গুলোকে সরকারের সাথে লিয়াজো করে চালুর উদ্যোগের চেষ্টা করবো। এছাড়াও প্রাইভেট সেক্টর বা বিদেশী সংস্থাকে কাজে লাগিয়ে কর্মস্থানের জন্য জোর প্রদান করা হবে। প্রয়োজনে গার্মেন্টস সেক্টর প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হবে। অন্তত ৪টি গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠা হলে প্রায় ২০ হাজার লোকের কর্মস্থানের আশা প্রকাশ করেন। এছাড়াও দলীয়ভাবে কাউন্সিলর পদে ৮/১০ জন কাউন্সিল প্রার্থী নির্বাচন করবে বলে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয়।
এছাড়া সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা রাহাত হোসেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক আবুল হোসেন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াসিউর রহমান দোলন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সামসুদ্দিন রেন্টু, মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।