বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
আগামীকাল রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৫৫টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আজ নগরীর নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে বেলা ১১টায় এই কার্যক্রম শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে সকাল সাড়ে ৮ টায় নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ কমিশনার আনিসুর রহমান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান ।
এছাড়া র্যাব-৫ এর অধিনায়ক সকাল ৯টায় র্যাব কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের দিন নগরীতে টহলে থাকবে তাদের সদস্যরা।
নগরীতে সার্বক্ষনিক টহল দিচ্ছে ২৫০ জন র্যাব ও বিজিবির ১০ প্লাটুন সদস্য। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫১৪ জন পুলিশ, ১ হাজার ৮৬০ জন আনসার সদস্য। থাকবেন ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৩ হাজার ৬’শ ১৪ জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন থাকছে প্রায় ১ হাজার ৭ শ ৩০টি। পর্যবেক্ষক থাকবেন নির্বাচন কমিশনের ১০ জন। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচনে ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৪৮টি আর ঝুকিমুক্ত রয়েছে ৭টি কেন্দ্র। মেয়র পদে প্রার্থী ৪ জন। সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন। সাধারণ ওয়ার্ডের ১টিতে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ভোটগ্রহন শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।