বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীতে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট’ এর কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন।
আজ দুপুরে মহানগরীর সিটি হাট এলাকায় কেন্দ্রীয় ডাম্পিং ইয়ার্ডের পাশে নির্মিত প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন করেন মেয়র।
পরিদর্শন শেষে মেয়র বলেন, এতোদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উৎপাদিত বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে অপসারণ ও পরিশোধনের কোন ব্যবস্থা ছিল না। এজন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধনে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে আমরা চুক্তি করি। প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের আওতাভুক্তদের এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে। কোন ক্লিনিক ও ডায়াগনস্টিক এর আওতার বাইরে থাকবে না। পরিচালনা ব্যয় নির্বাহে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক থেকে নূন্যতম ফি আদায় করবে প্রিজম।
এসময় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. এস. এম. এ মান্নান, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহার ইসলামসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।