বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রেস্তোরাঁর উপর সরকারের বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আট দফা দাবিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান এর সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সহ-সভাপতি হাসিনুর রহমান টিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সহসাধারণ সম্পাদক রাশেদ ইসলাম ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী খান। এসময় তারা বলেন, ভ্যাটের হার ৩ শতাংশ করা, স্ট্রিট ফুডসহ সব প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আনা, সম্পূরক শুল্ক এস ডি নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা, দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা, ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকা, রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স না দেওয়া, রেস্তোরাঁ শিল্পের ওপর যে কোনো সিদ্ধান্ত আরোপের পূর্বে রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে আলাপ করা, রেস্তোরাঁ শিল্পকে সরকারি প্রণোদনার আওতায় আনা এবং স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ ব্যবসা দুই বছরেরও বেশি সময় ধরে কঠিন সংকটে রয়েছে। মানুষ হোটেল-রেস্টুরেন্টে খাওয়া কমিয়ে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে করের আওতা না বাড়িয়ে এবং কর ফাঁকি প্রতিরোধের ব্যবস্থা না নিয়ে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি হঠকারী সিদ্ধান্ত। রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখতে তাঁরা অবিলম্বে আট দফা দাবির বাস্তবায়ন চান।