বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
আবারও সংঘর্ষ ও সরকারি বাহিনীর দমন অভিযানে উত্তাল সিরিয়া। দেশটির বর্তমান ইসলামপন্থী সরকারের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীরা ভূমধ্যসাগরের তীরবর্তী লাতাকিয়া প্রদেশের আলাউইত অঞ্চলে গত কয়েকদিনে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুসহ কয়েক শত সদস্যকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৯ মার্চ) বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
দেশটির যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭৪৫ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে অন্তত ৩০টি গণহত্যা চালানো হয়েছে।
এসওএইচআর- এর প্রধান রামি আব্দুল রাহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউইতিদের মূল এলাকা জাবলেহ, বানিয়াসসহ আশপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এসওএইচআর বলছে, গত দুইদিনে এক হাজারের বেশি জন নিহত হয়েছে। গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা সেখানে চালানো হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনী এবং আসাদের যোদ্ধারাও রয়েছে। এসওএইচআর জানিয়েছে, সংঘর্ষে বর্তমান সরকারের ১২৫ জন নিরাপত্তা রক্ষী এবং আসাদপন্থী ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদসংস্থা সানাকে বলেছে, হামলাকবলিত এলাকাগুলো সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে।
বিবিসি বলছে, সংঘর্ষ ও দমন অভিযানের কারণে আলাউইত সম্প্রদায়ের শত শত ব্যক্তি এলাকা ছেড়েছে।